ববি দেড় বছর পর সিনেমায় ফিরছেন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
মডেল-অভিনেত্রী ইয়ামিন হক ববি। দেড় বছর পর আবার সিনেমায় ফিরছেন তিনি। চিত্রনায়িকার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। যদিও কিছু দিন ধরে আগের মতো নিয়মিত অভিনয় করছেন না, মাঝে মাঝে পর্দায় দেখা মেলে তার। দেড় বছর আগে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ২০২৫ সালে ববি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন, যা চলতি বছর মুক্তি পাবে। এগুলোর মধ্যে প্রস্তুতিতে এগিয়ে রয়েছে মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’, কে এ নিলয়ের ‘বউ’ এবং বদিউল আলম খোকনের ‘তছনছ’। ববি বলেন, ‘তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান, সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।’ তিনি জানান, ‘চলতি মাসেই লন্ডনে মুক্তি পাচ্ছে ‘বেঈমান’। এরপর ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশে সিনেমাটি দেখানো হবে। দেশে মুক্তি দেরিতে দেয়ার কারণ হলো নির্বাচন ও রাজনৈতিক উত্তেজনা। তবে চলতি বছরই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।’
ববি আরো বলেন, ‘আমি এই সময় বসে থাকিনি, কাজ করেছি। আসলে কাজের প্রস্তাব আসে অনেক, কিন্তু সব কাজে নিজেকে জড়ানো যায় না। দর্শকের বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে বেছে বেছে কাজ করি। একজন চলচ্চিত্রের নায়ক-নায়িকার জন্য বছরে দুই থেকে তিনটি কাজই যথেষ্ট। ভালো প্রস্তুতি নিয়ে পারফেক্ট কিছু করতে গেলে এমন হওয়া উচিত। এতে নিজের স্বকীয়তা বজায় থাকে, আত্মতৃপ্তি অনুভূত হয়। অন্য দেশে শিল্পীরা খুব কম কাজ করেন। কিন্তু আমাদের দেশে যদি কোনো অভিনেতার সিনেমা মুক্তি না পায়, মনে করা হয় তার চাহিদা কমে গেছে।’