বিভিন্ন স্থানে নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।

পতœীতলা (নওগাঁ) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় নওগাঁর পতœীতলা উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল জব্বার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পদ্মপুকুর (কাঁটাবাড়ি) নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তির গ্রামের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামে। তিনি নজিপুর সরদারপাড়া মোড়ে কীটনাশক বিক্রি করতেন। পতœীতলা থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানা পুলিশের হেফাজতে জব্দ করা হয়।’

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শাহজাদপুরে একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে পাঁচজন আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মশিপুর-সরিষাকোল বাজার নামক স্থানে বাঘাবাড়ি থেকে আসা তেল ভর্তি একটি ট্যাংকলরির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের ভেতরে ঢুকে যায়। এ সময় মুদির দোকানের সামনের চা স্টলে বসে থাকা পাঁচজন আহত হন। আহতরা হলেন- বাবু সরকার, শাহান, শওকত, সেলিম, নূর মোহাম্মাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এবং আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বুলবুল আহমেদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল দক্ষিণপাড়া নুরুল মেকারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুরের মোকছেদ আলীর ছেলে। নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, বুলবুল বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে নুরুল মেকারের বাড়ির সামনে মোড়ে উঠার সময় পাঁচবিবির দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় ভাগনের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজালাল হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত ব্যক্তির বাবা হায়দার আলী (৭০)।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নিলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল লতাচাপলী ইউনিয়ন পরিষদে দফাদার পদে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাগনের বিয়ে উপলক্ষে দুপুর বারোটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বরযাত্রী হিসেবে চাকামাইয়া ইউনিয়নের নিশানাবাড়িয়া গ্রামের উদ্দেশে রওনা দেন শাহজালাল ও তার বাবা হায়দার। তারা ওমেদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা-পুত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির মানিকছড়ি বিটিভি উপকেন্দ্র এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি বিটিভি উপকেন্দ্র এলাকায় দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সিএনজি অটোরিকশার ওপর উল্টে যায়। এ সময় সিএনজির ভেতরে থাকা নারী যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহত নারীকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, সরাইলে বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ ইমরানের বাবা মো: ছোয়াব মিয়া (৫৫)। বৃহস্পতিবার বিকেলে সরাইল নাসিরনগর সড়কের পুঁটিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘনায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সাথে মোটরসাইকেলে করে রওনা দেন ছোয়াব মিয়া। পথে সরাইল উপজেলার পুঁটিয়া ব্রিজ-সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।