লংগদুতে ধর্মীয় শিক্ষায় ওয়ামির মসজিদ-মাদরাসা উদ্বোধন
Printed Edition
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ্ (ওয়ামি)-এর উদ্যোগে নির্মিত মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামি কর্তৃক স্থাপিত মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই দিনে আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া এলাকাতেও ওয়ামির উদ্যোগে নির্মিত আরো একটি মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
ওয়ামির উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের সঞ্চালনায় এবং ওয়ামির জেলা প্রতিনিধি ও লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ামি (ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্)-এর পরিচালক ড. হৃদুওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার রাঙ্গামাটির চেয়ারম্যান মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম এবং লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হৃদুওয়ানুল হক বলেন, দুর্গম পাহাড়ি জনপদসহ সারাদেশে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিস্তারে ওয়ামি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই মসজিদ-মাদরাসা কমপ্লেক্স স্থানীয় শিশু ও সাধারণ মানুষের জন্য দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চল ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।