বজ্রপাতে আরো তিনজন নিহত ৩ দিনে প্রাণ গেল ২৬ জনের
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
কক্সবাজার সদর, মুন্সীগঞ্জের গজারিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এর আগে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সোমবার ৯ জন এবং রোববার ১৪ জন নিহত হন। এ নিয়ে তিন দিনে মোট ২৬ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
কক্সবাজারে লবণ চাষীর মৃত্যু
কক্সবাজার অফিস জানান, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে বজ্রপাতে এক লবণ চাষি নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে চৌফলদণ্ডী ব্রিজের ওপর বজ্রপাতে প্রাণ হারান তিনি।
স্থানীয়রা জানান, নিহত রমিজ উদ্দিন পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটা গ্রামের অছিউর রহমানের ছেলে। প্রতিদিনের মতো গতকাল সকালেও জীবিকার তাগিদে লবণ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। চৌফলদণ্ডী ব্রিজে পৌঁছলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
চৌফলদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান মৃতদেহ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গজারিয়ায় কৃষকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকায় শাহাদাত তার গরু বাড়ির পাশের মাঠে চড়াতে দেন। পরে সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে তিনি গরু আনতে মাঠে যান। কিন্তু ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নবীনগরে যুবকের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে গতকাল সকালে বজ্রপাতে শরাফত উল্লাহ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মোহল্লা গ্রামের সা-সাববাড়ির অলিউল্লাহ ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শরাফত উল্লাহ কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়ানো সময় বজ্রপাতে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিব মিয়া জানান, কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে সরাফত উল্লাহ নামে এক যুবক মারা গেছেন।