এক ছাদের নিচে মিলবে সব সেবা

দেশে প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতাল চালু

Printed Edition
3rd-4
দেশে প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতাল চালু

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে এক ছাদের নিচেই পাওয়া যাবে দাঁত ও মুখমণ্ডলসংক্রান্ত সব ধরনের আধুনিক চিকিৎসাসেবা। দাঁতের বিভিন্ন রোগ শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও ফলোআপসহ পূর্ণাঙ্গ সেবা দেবে ধানমন্ডির ২ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে অবস্থিত এডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতাল (এডিএম হাসপাতাল)।

দাঁতের সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে মুখমণ্ডল ভেঙে গেলে বা চেহারায় পরিবর্তন এলে জরুরি চিকিৎসাসেবাও পাওয়া যাবে। দিনে কিংবা রাতে- ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে। রোগীসেবার জন্য হাসপাতালে থাকবে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক দল, দক্ষ নার্স ও প্রশিক্ষিত টেকনোলজিস্ট।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এডিএম হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার, বিএমইউর প্রোভিসি চ্যান্সেলর অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার, এডিএম হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) গোলাম মহিউদ্দীন চৌধুরী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা: নূরুল আমিনসহ সংশ্লিষ্টরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মোস্তাফিজুর রহমান জানান, এই হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবার পাশাপাশি আইসিইউ সুবিধাও থাকবে। শতাধিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন। তিনি বলেন, মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরনের অস্ত্রোপচার, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা, এন্ডোডন্টিক চিকিৎসা, শিশু দন্ত রোগসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা এখানে পাওয়া যাবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, ডেন্টাল চিকিৎসা খাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মোট রোগী চিকিৎসার প্রায় দু-তৃতীয়াংশ সেবা বেসরকারি হাসপাতালগুলো দিয়ে থাকে। দাঁতের সব ধরনের সেবা নিয়ে এগিয়ে আসায় তিনি এডিএম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ ধরনের হাই-টেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য সময়ের দাবি ছিল। একই সাথে তিনি সংক্রমণ নিয়ন্ত্রণ ও এক্রিডিটেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের বেশির ভাগ হাসপাতালেই সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সংক্রমণ কমাতে হলে চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা ও মানসম্মত প্র্যাকটিস নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবি আবদুল হাই শিকদার বলেন, দাঁত অন্তরের আয়না, মহামূল্যবান জিনিস। সুন্দর দাঁত সবার দৃষ্টি আকর্ষণ করে। দাঁতের পূর্ণাঙ্গ চিকিৎসা এক ছাদের নিচে নিয়ে আসার জন্য তিনি এডিএম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা কোনো অংশে কম নয়। অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি খাত আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পরিচিতি লাভ করবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের পরিচালক খেøবনয় আলেক্সান্দ্রা আলেক্সান্দ্রাভোনা উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাশিয়া ও বাংলাদেশ যৌথভাবে এডিএম হাসপাতালের সাথে কাজ করবে। রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে, যা বাংলাদেশী চিকিৎসকরা নিতে পারবেন। এতে ডেন্টাল চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময় আরো সম্প্রসারিত হবে।