বিসিবিতে নারী ক্রিকেটারদের মানববন্ধন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মধ্য দুপুরে বিড়ম্বনায় বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দল। উভয় দলের ছিল অনুশীলন সেশন, দুই কোচের সংবাদ সম্মেলন। ওই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অ্যাকাডেমি ভবনের সামনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর দাবি জানিয়ে একটি ব্যানার নিয়ে মানববন্ধন করছেন একদল নারী ক্রিকেটার। এই মানববন্ধনে তারা বিসিবির কাছে ঘরোয়া ক্রিকেটের একটি কাঠামো তৈরির দাবি জানান, যেখানে দলগুলোর উন্নতী এবং অবনমন থাকবে। বিসিবি গেটের সামনে দাঁড়িয়ে ব্যানার হাতে তাদের স্লোগান ছিল, ‘রেলিগেশনসহ নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগ চাই।’

বাংলাদেশের নারী ক্রিকেটের কাঠামোগত অভাবকেই যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন তারা। প্রতিবাদকারী ক্রিকেটারদের যুক্তি, একটি সুশৃঙ্খল প্রথম বিভাগ প্রতিযোগিতা এই সমস্যার সমাধান করতে পারে। তাদের মতে, একটি যথাযথ লিগ ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার বা সময়সীমাকে দীর্ঘ করবে এবং দলগুলোকে কেবল দায়সারা টুর্নামেন্ট খেলার বদলে টিকে থাকার লড়াইয়ে বাধ্য করবে।

অবশ্য তারা এই বিষয়টিকে আর্থিক কোনো বিবাদ হিসেবে না দেখে বরং উন্নতির পথ হিসেবে তুলে ধরেছেন। নারী ক্রিকেটে প্রতিভা দ্রুত উঠে এলেও অনেক উদীয়মান ক্রিকেটার নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান না।