সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন
টাঙ্গাইলের মধুপুরে একটি সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামিরা হলেন- জামালপুর সদর থানার কটারবাড়ী গ্রামের মৃত আ: সামাদের ছেলে আ: রহিম (৪৫), ময়মনসিংহের মুক্তাগাছা থানার কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি (৪৭) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক (৩৫)। আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো: ওমরাও খান দীপু নয়া দিগন্তকে জানান, বিগত ২০২৩ সালের ২২ জুন বিকেলে আসামিরা একটি বিয়ের পাত্রী দেখানোর কথা বলে স্বামী পরিত্যক্তা এক নারীকে নিয়ে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে যান। সেখানে দিন গড়িয়ে রাত হয়ে যায়। একপর্যায়ে রাতে মধুপুরের ইয়াদালী চালা এলাকায় গজারি বনের ভেতরে নিয়ে ওই নারীকে মুখে গামছা গুঁজে আসামিরা তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভোক্তভোগী নারী মধুপুর থানায় মামলা করেন। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি।
ডিমলায় বিজিবির নতুন বিওপি
উত্তরাঞ্চলের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) চালু করেছে। গত সোমবার তিস্তা নদীর তীরবর্তী পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর এলাকায় ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে নির্মিত এই বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনী পর্ব শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের উদ্বোধনী বক্তব্যে বলেন, “কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা শূন্যতা পূরণ এবং আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই নতুন বিওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।
বিদ্যুৎস্পৃষ্ট এক বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে গাছ থেকে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত কাজী মদ্দীন ওরফে খাজা টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গবাদিপশুর জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে কাজী মদ্দীন খাজা দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন। পরে আমগাছের ওপর থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পঞ্চগড় থেকে প্রতিনিধি।
দৈনিক নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ
ঝিনাইদহের দৈনিক নবচিত্র পত্রিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের জন্য জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গবার দৈনিক নবচিত্র পত্রিকা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এম এ রউফ। তিনি বলেন, বর্তমান সময়ে একজন সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদ হলো সত্যনিষ্ঠা, পেশাগত সততা ও দায়িত্ববোধ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী প্রশিক্ষণই একজন শিক্ষার্থীকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারে। ইন্টার্নশিপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়া দিগন্ত পত্রিকার কালীগঞ্জ সংবাদদাতা রুহুল আমিন সৌরভ বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এবং পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে। বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য দেন দৈনিক নবচিত্রের সহকারী সম্পাদক আলহাজ মো: ইসাহক আলী, গাজী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি মো: ওলিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবচিত্র পত্রিকার সিনিয়র রিপোর্টার হুসাইন কবীর সুজন। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।
ভূরুঙ্গামারীতে জাল টাকা জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকার নোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার পাথরডুবি ইউনিয়নে ঢেবঢেবির বাজার এলাকা থেকে ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। জাল টাকার অপরাধে আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদককারবারিরা ঢেবঢেবির বাজার এলাকা দিয়ে জাল নোট ব্যবহার করে ভারত থেকে গাঁজা ও ইয়াবা নিয়ে আসে। সুুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে সোমবার মধ্যরাতে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে বাংলাদেশী ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
দুই যুগেও নির্মাণ হয়নি পুঠিয়া পৌরসভার ভবন
পুঠিয়া পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ দুই যুগ পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি পৌরসভার ভবন। ২০০১ সালে পুঠিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত পায়নি এর নিজস্ব স্বকীয়তা। নাই কোনো নিজস্ব ভবন। ভাড়া বাসায় চলছে এর কার্যক্রম। অর্থ তছরুপের অভিযোগে থমকে আছে এর স্থায়ী কার্যালয়ের নির্মাণ কাজ। অথচ পুঠিয়া পৌরসভার মধ্যে রয়েছে শত বিঘা খাস জমি। পৌরসভা সূত্রে জানা যায়, ২০০১ সালে পুঠিয়া পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন প্রশাসক দিয়ে এর কার্যক্রম চালানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৬ সালে প্রথমবারের মতো এবং ২০২০ সালে দ্বিতীয়বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে, ২০০৭ সালে পৌর ভবন নির্মাণের জন্য ৮৪ লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই কাজ আর এগোয়নি। সূত্র জানায়, বিগত দুই মেয়রের আমলে ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকা তছরুপ করা হয়েছে। বর্তমানে তহবিলে মাত্র ১৬ লাখ টাকা আছে। বর্তমানে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব নেয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলেও বিপুল পরিমাণ ঋণের দায় নিয়ে চলছে পৌরসভার কার্যক্রম। পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা।
সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার অভিযোগ
শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে চার লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নেয়া অর্থ ফেরতের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ঠিকাদার মো: সোহেল মিয়া। অভিযোগকারী মো: সোহেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। সম্প্রতি পৌর প্রশাসকের কাছে দেয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নকাজের জন্য গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেয়া হয়। ওই বরাদ্দের আওতায় তাকে উন্নয়নকাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান অগ্রিম চার লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান বলেন, “আমি তাকে এ ধরনের কোনো কথা বলিনি। আমি এ অভিযোগের প্রতিবাদ করব।” শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।