প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন সিসিকের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী
Printed Edition
সিলেট ব্যুরো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন নব নিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তিনি একজন মানবিক নেতা। তার উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন। অতীতে এ ধরনের উদ্যোগ কখনো দেখিনি।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব:) একলিম আবদীন। এ সময় সিসি সচিব মো: আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব:) মোহাম্মদ উল্লাহসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।