হিলিতে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
Printed Edition
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজলো প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আটক শফিউল ইসলামকে গত শনিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৮টায় হিলি বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহাকারী পুলিশ সুপার আ ন নিয়ামত উল্লাহ জানান, ভুক্তভোগী নারী হাকিমপুর উপজলোর বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। ওই নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলাম। গত শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী উপজেলা প্রাণি সম্পদ ওই কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাকিমপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ দিকে ধর্ষণের অভিযোগ পেয়ে হাকিমপুর থানা পুলিশ গত শুক্রবার রাতে ভুক্তোভোগী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামের দাবি, ওই নারীর সাথে তার ইতঃপূর্বে বিবাহ হয়েছিল। ২৯ দিন সংসার করার পর চলতি বছরের জানুয়ারি মাসে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে তাদের বিয়েবিচ্ছেদ হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।