ইন্টার মায়ামিতে অভিষেক ক্যাসেমিরোর

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারের (এমএলএস) চলমান তদন্তের মধ্যেই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পুরো ম্যাচ খেলেন, আর লুইস সুয়ারেজের একমাত্র গোলে মন্ট্রিয়লকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে মায়ামি।

গত শনিবার কানাডায় অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপ-পরবর্তী বিশ্রামের কারণে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার অনুপস্থিতিতেও জয়ের ধারা অব্যাহত রাখে ইন্টার মায়ামি। গত সপ্তাহে এমএলএস জানায়, কাসেমিরোর দলবদল প্রক্রিয়ায় সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ কারণে কাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ নিয়ে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত আপাতত প্রকাশ করা হবে না।

এমএলএসের নিয়ম অনুযায়ী, ড্রাফট বা ফ্রি এজেন্সির বাইরে কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর আগে সংশ্লিষ্ট ক্লাবকে ওই খেলোয়াড়ের ‘ডিসকভারি রাইটস’ থাকা দলের সাথে সমঝোতায় পৌঁছাতে হয়। কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার আগে এলএ গ্যালাক্সির কাছে ছিল।

ম্যাচের ৮১তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন লুইস সুয়ারেজ। জার্মান বেরতেরামের সাথে মন্ট্রিয়লের ডিফেন্ডার এফরাইন মোরালেসের সংঘর্ষের পর এই পেনাল্টি দেয়া হয়। সংঘর্ষে বেরতেরামে অজ্ঞান হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। ম্যাচ শেষে অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োস জানান, বেরতেরামে জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। এ দিকে সুয়ারেজের এটি মৌসুমের নবম এবং শেষ তিন ম্যাচে ষষ্ঠ গোল। তার দুর্দান্ত ফর্মে জয়ের ধারাও ধরে রাখল ইন্টার মায়ামি।