ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে ক্লাবটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল। দুই মেয়াদে কোচ হিসেবে তিনি মোট ১১টি ট্রফি জিতেছেন। যার মধ্যে সবচেয়ে বড় কীর্তি হলো ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। সান্তিয়াগো বার্নাব্যুর দলটি ইউরোপসেরা মুকুট অর্জন করেছিল ২০১৬, ২০১৭ ও ২০১৮। তার অধীনে স্প্যানিশ লা লিগা জয় ছিল ২০১৭ ও ২০২০ সালে। ফিফা ক্লাব বিশ্বকাপ উয়েফা সুপার কাপ জয় ছিল ২০১৬ ও ২০১৭। স্প্যানিশ সুপার কাপ ২০১৭ ও ২০২০ সালে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ৯টি ফাইনালে উঠে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার অধীনে রিয়াল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদে কোচিংয়ে সফলতার পর বছর পাঁচেকের মতো কোচিংয়ের বাইরে ছিলেন জিদান। অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী সাবেক এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল এই কোচ ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামীকাল তাকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

ফ্রান্স দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তির পর নতুন কোচের নাম ঘোষণা করতে কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এফএফএফ।