ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী কৃষকদল নেতাকে জরিমানা

Printed Edition

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পরবর্তিতে বিধি ভঙ্গ না করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাকে এ জরিমানা করেন।

এর আগে গত মঙ্গলবার উপজেলার সুন্দরপুর এলাকায় মরহুম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মকছেদুল মোমিন ধানের শীষের প্রার্থী রাশেদ খানকে উদ্দেশ করে বলেন, ‘একজন ভণ্ড, চরিত্রহীন, উন্মাদ কোনো দিন কখনো রাজনীতি করতে পারে না। আপনি ঝিনাইদহ-২-এ ছিলেন দুই-এ চলে যান।’ বুধবার থেকে কৃষকদলের নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তাকে জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, নির্বাচনী আচরণ বিধি ২০২৫ অনুযায়ী উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক বক্তব্য প্রদান করায় তাকে এ জরিমানা করা এবং পরবর্তিতে এরকম বক্তব্য না দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।