মেরিন ড্রাইভ প্রশস্তকরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল প্রায় তিন হাজার বৃক্ষ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প। গাছ না কেটে সড়ক সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ফলে প্রায় তিন হাজার গাছ সংরক্ষিত থাকছে।

পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে সড়ক পরিবহন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত উদ্যোগ নেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। শুরুতে সড়ক প্রশস্ত করতে বিপুলসংখ্যক গাছ কাটার প্রয়োজন হবে বলে ধারণা করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন হাজার গাছ কাটার সম্ভাবনার খবর পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিকল্প পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন এবং একটি গাছও না কেটে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।

এর পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা নতুন নকশা ও কারিগরি সমাধানের মাধ্যমে গাছ সংরক্ষণ করে সড়ক প্রশস্তকরণের কাজ এগিয়ে নিচ্ছেন।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুধু বিদ্যমান গাছ সংরক্ষণই নয়, পুরো মেরিন ড্রাইভকে আরো পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করতে সড়কের দুই পাশে নতুন করে বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা আরো জানান, এই উন্নয়ন কাজের মধ্যে রাস্তা প্রশস্তকরণ, রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং প্রয়োজনীয় ইউটিলিটি স্থানান্তরের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রকল্পটির বাস্তবায়নে তত্ত্বাবধান করছে।

অতীতে সড়ক সম্প্রসারণ প্রকল্পে গাছ কেটে ফেলার প্রবণতা থাকলেও এবার সেই ধারা থেকে সরে এসে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পে গাছ সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার এই উদ্যোগ ভবিষ্যতের অবকাঠামো উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।