নড়িয়ায় অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩
Printed Edition
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৯৫টি ককটেল (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারীকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল, আটটি টেঁটা ও তিনটি রামদা জব্দ করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদাকে (২৫) আটক করা হয়েছে। পরে উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
নড়িয়া থানার ওসি মো: বাহার মিয়া বলেন, এলাকায় নিরাপত্তা জোরদারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।