ইন্টারনেট ছাড়াই ‘গুগল ম্যাপস’ ব্যবহার
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
ভ্রমণের পথে নেটওয়ার্ক দুর্বল থাকলেও ‘গুগল ম্যাপস’ গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পারে শুধু আগেভাগে প্রস্তুতি থাকলে। গুগল ম্যাপস অফলাইনে ব্যবহার করার উপায়, ক্যাশড ম্যাপস কীভাবে কাজ করে এবং ইন্টারনেট ছাড়া ম্যাপ ব্যবহার করতে কেমন লাগে সবই বিস্তারিতভাবে তুলে ধরা হলো। গুগল ম্যাপস ইন্টারনেট ছাড়া ব্যবহারের সবচেয়ে সহজ উপায় হলো আগে থেকেই প্রয়োজনীয় এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই ফ্রি এবং চাইলে বিশাল এলাকা ডাউনলোড করতে পারেন। বিশেষত দূরবর্তী বা গ্রামীণ এলাকায় ভ্রমণের সময় যেখানে নেটওয়ার্ক দুর্বল কিংবা বিদেশে গেলে সীমিত ডেটা প্ল্যানের কারণে এই ফিচার খুবই সহায়ক।
ম্যাপ ডাউনলোড করতে অ্যাপের ওপরের ডান পাশে থাকা আপনার অ্যাভাটারে ট্যাপ করে ‘অফলাইন ম্যাপস’ নির্বাচন করতে হবে। এখানে ‘রেকমেন্ডেড ম্যাপস’ সেকশনে নিজের বাসা, অফিস, নিয়মিত যাতায়াতের স্থান বা জিমেইলে থাকা যাত্রার তথ্য দেখে গুগল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের জন্য এলাকা সাজেস্ট করে। যে এলাকার পাশে তিনটি ডট মেনু থাকবে সেখান থেকে ‘ডাউনলোড’ চাপলেই হবে অথবা ‘সিলেক্ট ইওর ওউন ম্যাপ’ বেছে নিয়ে নিজের মতো এলাকা নির্বাচন করতে পারেন।
কোনো এলাকাটি ডাউনলোড হবে তা জুম ইন বা জুম আউটের মাধ্যমে ঠিক করতে হবে। নিচে দেখাবে কত স্টোরেজ লাগবে। প্রতিটি ডাউনলোড ২জিবি বা ১২০ বর্গকিলোমিটারে সীমাবদ্ধ। তবে প্রয়োজন অনুযায়ী যত খুশি ভাগ করে ম্যাপ ডাউনলোড করা যায়। প্রয়োজনে কয়েকটি ওভারল্যাপ করে নিলেও সমস্যা নেই। শেষ হলে ‘ডাউনলোড’ চাপলেই প্রক্রিয়া শুরু হবে। ডাউনলোড শেষ হলে সেই ম্যাপটি ‘ডাউনলোডেড ম্যাপস’ তালিকায় দেখা যাবে। গুগল সাধারণত স্বয়ংক্রিয়ভাবে নাম দেয় তবে প্রয়োজনে তিন ডট মেনু থেকে ‘রিনেম’ করে নিজের মতো নাম দিতে পারেন। প্রয়োজন না হলে এখান থেকেই ম্যাপ ডিলিট করা যাবে। অফলাইন ম্যাপ প্রতি ৩০ দিনে ওয়াইফাই সংযোগ পেলেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।