আলোচনা সভায় বক্তারা
পুষ্টিবিদের কাজের স্বীকৃতি ও কাউন্সিল দরকার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অপুষ্টির দেশে চিকিৎসার জন্য ডাক্তার থাকলেও অভাব রয়েছে পুষ্টিবিদের। অপুষ্টি ও সংক্রামক রোগে দ্রুত সুস্থ হতে পুষ্টিকর খাবার কোনটি তা জানতে পারলে রোগী দ্রুত সুস্থ হতে পারবে। সীমাবদ্ধতার মধ্যেও কিছু পুষ্টিবিদ নিজেদের চেষ্টায় মানুষকে সেবা দিতে পারলেও তাদের পেশার নেই যথাযথ স্বীকৃতি। এরই পরিপ্রেক্ষিতে দেশে কর্মরত পুষ্টিবিদদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার স্পষ্টতা ও মানদণ্ড প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায়’ এই দাবি জানিয়েছেন পুষ্টিবিদরা। ন্যাশনাল নিউট্রিশন এসোসিয়েশন আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সাবেক ভিসি অধ্যাপক ড. লিয়াকত আলী, বিশিষ্ট পুষ্টি বিজ্ঞানী ড. এস কে রয়, জাতীয় পুষ্টি পরিষদের মাহবুবুর রহমান, পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়া, পুষ্টিবিদ আমাতুল্লাহ শারমিন।
ড. লিয়াকত আলী বলেন, বাংলাদেশে আরো বেশি পুষ্টিবিদ প্রয়োজন। তাদের পেশার স্বীকৃতি এবং স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়া এবং তত্ত্বাবধান করার জন্য একটি কাউন্সিল প্রয়োজন। চিকিৎসকদের জন্য রয়েছে যেমন বিএমডিসি, ফার্মাসিস্টদের জন্য যেমন ফার্মেসি কাউন্সিল তেমনি পুষ্টিবিদদের একটি কাউন্সিল প্রয়োজন। আর এর জন্য পুষ্টিবিদদেরই এগিয়ে আসতে হবে। একটি কাউন্সিল কেমন হবে এর একটি খসড়া করে সংশ্লিষ্টদের বুঝিয়ে বলতে হবে। ‘পুষ্টিবিদ প্রয়োজন’ এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে। পুষ্টিবিদদের যত সংগঠন আছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাবিটি তুলতে হবে পুষ্টিবিদদের ‘ইউনিফায়েড নিবন্ধন ও আইনগত স্বীকৃতির’ জন্য।
ড. এস কে রয় বলেন, সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে হলে অবশ্যই পুষ্টিবিদ প্রয়োজন। এখন যারা কাজ করছেন এবং ভবিষ্যতে এই পেশায় যারা আসবেন তাদের একটি নীতিমালার অধীনে এনে স্বীকৃতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। তা হলে চিকিৎসকদের মতো পুষ্টিবিদরাও দায়িত্ব নিয়ে কাজ করবেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে একজন করে পুষ্টিবিদ বা ডায়াটেশিয়ান নিয়োগ দিতে হবে। প্রতিটি জেলা হাসপাতালে ইতোধ্যে একজন করে পুষ্টিবিদ নিয়োগের অনুমোদন হয়ে আছে।
বক্তারা বলেন, সুস্থ হতে হলে একজন মেন্টাল রোগীর যেমন কাউন্সিলিংয়ের প্রয়োজন, একজন ডায়াবেটিসের রোগীর যেমন প্রয়োজন কাউন্সিলিং তেমনি অপুষ্টির শিকার একজন রোগী অথবা গুরুতর অসুস্থ একজন রোগী কীভাবে পুষ্টিকর খাবার খেয়ে দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন সে জন্য একজন পুষ্টিবিদের কাউন্সিলিং প্রয়োজন।