ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে : জার্মান চ্যান্সেলর

Printed Edition

আলজাজিরা

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেছেন যে, ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে এবং ওয়াশিংটনের সামনে সঙ্ঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই।

সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে ফ্রিডরিখ মের্ৎস এসব কথা বলেন। তার মতে, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সঙ্কটে ফেলেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীতের ব্যর্থ সামরিক অভিযানগুলোর উদাহরণ টেনে বলেন, ‘এ ধরনের সঙ্ঘাতের সমস্যা হলো শুধু জড়িয়ে পড়াটাই শেষ কথা নয়, এখান থেকে বেরিয়েও আসতে হয়। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে, আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এমনটাই দেখেছি। ইরাকের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।’

জার্মান চ্যান্সেলর দ্রুত ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব এরই মধ্যে জার্মানির অর্থনীতিতে আঘাত হানতে শুরু করেছে। বিষয়টি বর্তমানে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।