এবার ভুটানের সাথে ড্র সাবিনাদের বাংলাদেশ ৩-৩ ভুটান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে গতকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করেছে সাবিনা খাতুনের দল। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সাবিনা-সুমাইয়া-মাসুরা পারভিনরা। ৭ মিনিটে সুমাইয়া মাতসুশিমা, ৩৫ মিনিটে সাবিনা খাতুন, ৩৬ মিনিটে মাসুরা পারভিন গোল করেন। ভুটানের হয়ে ৫ মিনিটে দেকি লাঝুম, ২৭ ও ৩০ মিনিটে সোনম লামো গোল করেন। ২১ জানুয়ারি বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। আর ভুটান তাদের দুই ম্যাচে ১-১ গোলে পাকিস্তানের সাথে এবং বাংলাদেশের বিপক্ষে ড্র করেছে। সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচটি করে ম্যাচ খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে ১ পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।

থাইল্যান্ডের ব্যাংককে ননতাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ভুটান এগিয়ে যায়। পঞ্চম মিনিটে জ্যামিয়াং চোডেনের কোনোকুনি শট সাবিনার পাশ দিয়ে তড়িৎ গতিতে বল বাংলাদেশের জালে জড়ায় (১-০)। দুই মিনিট পরই অবশ্য সমতার স্বস্তি ফিরে বাংলাদেশের তাঁবুতে। সুমাইয়া মাতসুশিমা মধ্য মাঠ থেকে একাই বল নিয়ে লং রেঞ্জ থেকে ডান পায়ের জোরালো শটে বল আশ্রয় নেয় ভুটানের জালে (১-১)। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। সুযোগ কাজে লাগিয়ে ২৭ ও ৩০ মিনিটে সোনম লামোর দুই গোলে এগিয়ে যায় ভুটান (৩-১)। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে গেছেন। অধিনায়ক সাবিনা ৩৫ মিনিটে নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান (৩-২)। একমিনিট পরেই ভুল পাস থেকে মাসুরা কাটিয়ে গোল করে ফের ড্রতে নিয়ে আসেন (৩-৩)। ম্যাচের শেষ কয়েকটি মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর পয়েন্ট ভাগ করে নেয় উভয়দল।