বড়লেখায় সঙ্গীর গুলিতে ডাকাত নিহত
Printed Edition
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে সঙ্গীর ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বাড়িতে আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করে বাড়িটি দেখাশোনা করেন। ঘটনার রাতে ভারী বর্ষণের সুযোগে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এ সময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রিল ধরে বাধা দেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে সতর্ক করতে চিৎকার করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে থাকা একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়।