বার্লিনের পর্দা উঠবে আফগান সিনেমায়

Printed Edition
bino-3
বার্লিনের পর্দা উঠবে আফগান সিনেমায়

বিনোদন প্রতিবেদক

বিশ্বখ্যাত জার্মানি চলচ্চিত্র উৎসব বার্লিনের ৭৬তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আফগান নির্মাতার সিনেমা দিয়ে। উৎসব কর্তৃপক্ষ জানায়, আফগান নির্মাতা শহরবানু সাদাতের নতুন চলচ্চিত্র ‘নো গুড মেন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে শুরু হবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি বার্লিনের ঐতিহ্যবাহী বার্লিনালে প্যালাস্টে উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বার্লিনালে পরিচালক ট্রিসিয়া টাটল বলেন, ‘শহরবানু সাদাত বিশ্ব সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর কণ্ঠ। তার প্রথম দুটি চলচ্চিত্র যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল, ‘নো গুড মেন’ সেই প্রতিশ্রুতি পূর্ণমাত্রায় রক্ষা করেছে। আফগান নারীদের জীবনকে কেন্দ্র করে তার যে সাহসী ও প্রয়োজনীয় কাজ, এই ছবিতে তা আরো গভীর হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতর প্রেম ও সূক্ষ্ম রসিকতার ছোঁয়া যোগ হয়েছে। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্র নির্মাণে পরিচালক যে ঝুঁকি নিয়েছেন, সেটিই ‘নো গুড মেন’-কে ৭৬তম বার্লিনালের উদ্বোধনী গালার জন্য বিশেষ অর্থবহ করে তুলেছে।’ এর আগে সাদাতের ‘উলফ অ্যান্ড শিপ’ (২০১৬) এবং ‘দ্য অরফানেজ’ (২০১৯)-এই দুটি চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস’ ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত হয়। এর মধ্যে ‘উলফ অ্যান্ড শিপ’ শীর্ষ পুরস্কার অর্জন করে। ‘দ্য অরফানেজ’ নির্মাণে সহায়তা দিয়েছিল বার্লিনালে ওয়ার্ল্ড সিনেমা ফান্ড। আফগানিস্তানের অন্যতম পরিচিত চলচ্চিত্র নির্মাতা শহরবানু সাদাত ২০২১ সালে তালেবানের হাতে কাবুল পতনের পর হাজারো মানুষের সাথে দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় কাবুল থেকেই তিনি দ্য হলিউড রিপোর্টার-এর সাথে কথা বলেছিলেন। সেই নির্মাতার নতুন ছবি এবার প্রদর্শিত হবে বার্লিনে। বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানায়, ‘পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা হিসেবে শহরবানু সাদাত তার অনন্য চলচ্চিত্রযাত্রা অব্যাহত রেখেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতার মেলবন্ধনে তৈরি হয়েছে এই ছবি। ‘নো গুড মেন’ লেখক ও অভিনেতা আনোয়ার হাসিমির আত্মজীবনীমূলক লেখার ওপর ভিত্তি করে পরিকল্পিত পাঁচটি চলচ্চিত্রের তৃতীয় অংশ।’ এই ছবিতে আনোয়ার হাসিমি অভিনয় করেছেন শহরবানু সাদাতের সাথে, যেখানে সাদাত নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন।