জেলেদের বড়শিতে কুমির, চরভদ্রাসনে নদীপাড়ে আতঙ্ক

Printed Edition

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। গত সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে এবং নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নদীতে হাজারি বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে জেলেরা সেটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরো দু’টি বড় আকারের কুমির দেখা গেছে, যা স্থানীয়দের উদ্বেগ আরো বাড়িয়েছে।

খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা নেয়। থানার এসআই কাজী রিপন হোসেন বলেন, কেউ যাতে কুমিরটিকে আঘাত করতে না পারে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।