মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : চসিক মেয়র

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই সমাধান গ্রহণ করা জরুরি। তিনি বলেন, বৈজ্ঞানিক গবেষণা, আধুনিক যন্ত্রপাতি, কার্যকর ওষুধ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরো ফলপ্রসূ হবে।

বুধবার আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডেসিনসন স্যানস ফ্রন্টিয়ার্স(এমএসএফ)-এর প্রতিনিধিদলের সাথে চসিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মেয়র চট্টগ্রাম নগরীর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে এমএসএফের কারিগরি জ্ঞান, আধুনিক ইকুইপমেন্ট ও গবেষণালব্ধ সমাধান দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে চসিক ইতোমধ্যে বিভিন্ন গবেষণার ফলাফল জনসম্মুখে উপস্থাপন করেছে এবং গণসচেতনতা তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে রোগের প্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় সর্বশেষ মেডিক্যাল সল্যুশন, আধুনিক ¯েপ্র যন্ত্রপাতি ও টেকনিক্যাল গাইড লাইনের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আরো ইতিবাচক ফল পাওয়া যাবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো: আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা। আরো ছিলেন এমএসএফের প্রকল্প সমন্বয়কারী দিনালি ডি জয়সা, মেডিক্যাল টিম লিডার ফ্রান্সিসকো রাউল সালভাদোর, কীটতত্ত্ববিদ বাউডেউইন ভেইফহাউজেন, হেড অব মিশন সহায়তা কর্মকর্তা জামাল উদ্দিন, মেডিক্যাল লিয়াজোঁ কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী, প্রকল্প সমন্বয় সহায়তা কর্মকর্তা সৈয়দ রাশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।