পাতানো নির্বাচন ও ফ্যাসিবাদী অপচেষ্টা রুখে দেবে তরুণরা : সিবগাতুল্লাহ

Printed Edition
more
সিলেটে মহানগর ছাত্রশিবির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, জুলাইবিপ্লবের আগের পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত। তিনি হুঁশিয়ার করে বলেন, তরুণ ও সচেতন নাগরিকদের বিভ্রান্ত করে জুলাই-পূর্ব পরিস্থিতি পুনঃস্থাপনের যেকোনো চেষ্টা জুলাইবিপ্লবের তরুণরাই ব্যর্থ করে দেবে।

মঙ্গলবার সিলেট নগরীর মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘জুলাইবিপ্লব-পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ বলেন, একটি পাতানো নির্বাচন আয়োজন করে কেউ কেউ ক্ষমতায় আসতে চায়। এ লক্ষ্যেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহারের অপচেষ্টা চলছে। তিনি বলেন, তরুণ সমাজ এসব অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের পক্ষে অবস্থানকারী এবং জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়া শক্তির বিরুদ্ধে ছাত্রশিবির তরুণদের সাথে নিয়ে লালকার্ড দেখাবে।

তিনি আরো বলেন, জুলাই সংস্কার প্রস্তাবনাকে দেশের তরুণ সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এই সংস্কার বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ থাকবে না। যারা ফ্যাসিবাদী মানসিকতা লালন করে, তারাই এই সংস্কারের বিরোধিতা করছে। তাদের উদ্দেশে তিনি বলেন, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্রশিবির তরুণ সমাজকে সাথে নিয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ও নজরুল ইসলাম। মতবিনিময় সভায় ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।