মাদকসেবনের স্থানে বেড়া দেয়ায় শ্রীপুরে নারীকে গুলি

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিয়মিত মাদকসেবনের স্থানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় মাদকসেবীরা এক নারীকে গুলি করে আহত করেছে। গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজারের (বেপারীপাড়া) এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছে।

গুলিবিদ্ধ মনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণকৃত জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করেন তিনি এবং তার স্বামী জয়নাল হাজারী। জমিটি পতিত থাকায় সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই মাদক সেবন করতো। সম্প্রতি ওই জমিতে সবজি চাষের জন্য বাঁশ দিয়ে বেড়া দিচ্ছিলেন তারা। কিন্তু শুক্রবার সন্ধ্যায় মাদকসেবীরা বেড়া দিতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্য বাগি¦তণ্ডা হয়। মাদক সেবনকারী শেখ ফরিদ একপর্যায়ে জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছুড়লে মনোয়ারা বেগম স্বামীকে বাঁচাতে গেলে নিজে গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লাগে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। গুলিটি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা ময়মনসিংহে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাচির আহমেদ বলেন, অভিযুক্তকে আটক ও ঘটনাটি তদন্তে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।