যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরাইলের অবিরাম হামলা : নিহতের সংখ্যা বেড়ে ৪৩৪৮

Printed Edition

আলজাজিরা

লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন লোকালয়ে গোলাবর্ষণ, বিমান হামলা ও ভারী মেশিনগানের মাধ্যমে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। শুক্রবার রাতে এবং শনিবারের প্রথম প্রহরেও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় দেশটি। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরাইলের অব্যাহত হামলায় লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার ৩৪৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ৩০০ জনেরও বেশি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় লেবাননে মোট আট হাজার ৯১৫ জন নিহত এবং ৩০ হাজার ৫৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ‘এনএনএ’ নিশ্চিত করেছে যে, শনিবার ভোরে মানসুরি, বেইত আল-সায়্যেদ এবং মাজদাল জউনের আশপাশের এলাকায় ইসরাইলি বাহিনী প্রচণ্ড আঘাত হানে। বিশেষ করে বেইত আল-সায়্যেদ শহরের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কোনো ভবন অক্ষত নেই। এ ছাড়া হাদাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকাতেও তীব্র হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিবের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিটি কার্যকরে ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহায্য চেয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। রোমে ইতালি সফরের দ্বিতীয় দিনে মেলোনির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। গত বছরের ১৪ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইতালিতে দুই দেশের মধ্যে কয়েক দফায় কূটনৈতিক আলোচনা শেষে ২৬ জুন একটি কাঠামোগত চুক্তি সই হয়েছিল। অন্য দিকে ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনরত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী মিশন ‘ইউনিফিল’ এর বর্তমান মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে তা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে বর্তমানে জাতিসঙ্ঘে আলোচনা চলছে।