বগুড়া সিটি করপোরেশন প্রশাসকের সাথে চায়না রেলওয়ে প্রতিনিধিদলের সাক্ষাৎ
Printed Edition
বগুড়া অফিস
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক, টেকসই ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শনিবার সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সাথে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সাইদ আলী ছাড়াও প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লু সেন, গ্রুপ-৪-এর সিনিয়র ইকোনমিস্ট মাইকেল ডাই এবং বাংলাদেশ অংশের সিনিয়র ম্যানেজার নুরুল আফসার মিঠু। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বগুড়া সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামোগত ও উন্নয়নমূলক প্রকল্পে অংশীদার হওয়ার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে। একই সাথে চীনের আধুনিক নগর উন্নয়নের অভিজ্ঞতার আলোকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক খসড়া উন্নয়ন প্রস্তাবনা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরে চায়না প্রতিনিধিদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ীস্থ জিয়াবাড়ী, বগুড়া জেলা বিএনপির কার্যালয়, শহীদ চান্দু স্টেডিয়াম, মহাস্থানগড়সহ বগুড়ার ঐতিহাসিক কয়েকটি স্থান পরিদর্শন করেন