সাবেক ছাত্রদল নেতার হেফাজতে থাকা ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

Printed Edition

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার হেফাজতে থাকা ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ‘মেসার্স পলাশ এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজতে থাকা এসব বিটুমিন উদ্ধার করা হয়। অভিযানে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল জিয়ানগর থানা পুলিশের সহায়তায় অংশ নেয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠি সদর উপজেলার ‘শ্যাডো কনস্ট্রাকশন’-এর মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে সড়ক নির্মাণকাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরবর্তীতে ২ মার্চ ঝালকাঠি থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেল বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ দাবি করেন, উদ্ধার হওয়া বিটুমিনের মধ্যে ৪০ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ১৮ ব্যারেল কিভাবে তার কাছে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। জিয়ানগর থানার ওসি মো: শামীম হাওলাদার জানান, বিটুমিন চুরির ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিযানটি পরিচালনা করা হয়েছিল।