চীনের নিষেধাজ্ঞা অস্ত্র সংগ্রহে প্রভাব ফেলবে না : তাইওয়ান
Printed Edition
রয়টার্স
তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে সাতটি ইউরোপীয় কোম্পানির ওপর চীনের দেয়া নতুন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছে না তাইওয়ান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সোমবার স্পষ্ট করে বলেছেন, চীনের এমন পদক্ষেপ নতুন নয় এবং একে বাড়তি চাপ হিসেবে দেখার প্রয়োজন নেই কারণ আগেও বহুবার এমন দেখা গেছে।
শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওই সাতটি কোম্পানির বিরুদ্ধে সামরিক ও সাধারণ উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রফতানি নিষিদ্ধ করেছে। চীনের অভিযোগ এই কোম্পানিগুলো তাইওয়ানে অস্ত্র বিক্রির সাথে যুক্ত। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে চীনের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয় কোম্পানিগুলোর বিরুদ্ধে তাইওয়ান ইস্যুতে এ ধরনের পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। বিপরীতে তাইওয়ান নিজেদের প্রতিরক্ষার জন্য মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত প্রায় ৩০ বছর ধরে ইউরোপীয় দেশগুলো চীনের সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে তাইওয়ানে বড় ধরনের অস্ত্র, বিশেষ করে যুদ্ধবিমান, বিক্রি করা থেকে বিরত আছে।