শিক্ষকদের গাফিলতিতে পরীক্ষার্থী শান্তার ফল অনিশ্চিত
Printed Edition
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারার হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের গাফিলতিতে শান্তা ইসলাম মৌ নামে এক এসএসসি পরীক্ষার্থীর ফল অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনায় গতকাল সোমবার বাগমারা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় তার বাবা সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের একজন অনিয়মিত এসএসসি পরিক্ষার্থী। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র বিষয়ে তাকে ২০২৬ সালের প্রশ্নপত্র দেয়া হয়। এ সময় কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকে তার এডমিট কার্ড দেখিয়ে ২০২৫ সালের প্রশ্নপত্র চান ওই ছাত্রী। কিন্তু তাকে প্রশ্ন পরিবর্তন করে দেয়া হয়নি।
এ বিষয়ে তার বাবা ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো পরীক্ষায় অকৃতকার্য হলেও কোনো আপত্তি থাকবে না মর্মে ভুক্তভোগীর থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব গোলাম মোস্তফার বক্তব্য পাওয়া যায়নি। বাগমারা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা বলেন, ফলাফল মূল্যায়নে তার কোনো সমস্যা হবে না। এ কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।