বাউফলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ
আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত : মামুনুল হক
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই। এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চঁাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলাহ বলেন, ‘বাউফলবাসী সৌভাগ্যবান যে, তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। দেশ গড়ার লড়াইয়ে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের জায়গা হবে না।
ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি এমপি হতে চাই না, আমি বাউফলবাসীর সেবক। আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করব না, সরকারি অনুদান বাউফলবাসীর কল্যাণে বিলিয়ে দেবো। দখলদারিত্ব উচ্ছেদ করব। জমি যার প্রকৃত মালিকানা তার। ৬০ দিনের ভেতর বাউফল থেকে মাদক এবং ৯০ দিনের ভেতর সবধরনের দুর্নীতির কবর রচনা করব। সব শ্রেণিপেশার আলেম-ওলামার মর্যাদা সমুন্নত রাখব।
বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, দেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা: ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।