বেনাপোলে ২ দিনে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ৯টি চালানে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে ভারতীয় আমদানিকৃত চালের দু’টি চালানে ১৫ ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। এর আগে গত ২৭ জানুয়ারি ৭৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এ নিয়ে দুই দিনে এক হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি হলো।

বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট-নভেম্বর মাসে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ মেট্রিক টন। চলতি মাসের ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। বন্দর পরিচালক শামীম হোসেন জানান, এ বন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে।