ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ আরো ৩ দিনের রিমান্ডে

Printed Edition

আদালত প্রতিবেদক

ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব:) শেখ মামুন খালেদকে পুনরায় তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

গতকাল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন।

এর আগে দুই দফায় মোট ১১ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন নতুন করে ৪ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আগের দফার জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক। এসব তথ্য যাচাই-বাছাই এবং তদন্তের স্বার্থে তাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও জামাল উদ্দিন মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ শেখ মামুন খালেদকে গ্রেফতার করে। পরবর্তীতে ২৬ মার্চ ৫ দিন এবং ৩১ মার্চ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের প্রায় ৫০০ থেকে ৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।