মাটির নিচে পানি ছাড়াই বেঁচে থাকে যে মাছ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মাছ মানেই পানির প্রাণী, পানি ছাড়া মাছের বেঁচে থাকার কথা আমরা কল্পনাও করতে পারি না। প্রকৃতিতে এমন এক মাছের অস্তিত্ব রয়েছে যা পানি ছাড়াও বছরের পর বছর বেঁচে থাকতে পারে। অবিশ্বাস্য মনে হলেও ‘আফ্রিকান লাংফিশ’ ঠিক এই অসাধ্য সাধন করেই টিকে আছে লাখ লাখ বছর ধরে। সম্প্রতি আফ্রিকার খরাপ্রবণ অঞ্চলগুলোতে এই মাছের অদ্ভুত জীবন ধারণের প্রক্রিয়া বিজ্ঞানীদের পুনরায় চমকে দিয়েছে।
সাধারণত মাছ ফুলকার সাহায্যে পানির নিচে শ্বাস নেয়। কিন্তু আফ্রিকান লাংফিশের রয়েছে উন্নত ফুসফুস, যার সাহায্যে তারা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। যখন জলাশয় শুকিয়ে যায়, তখন এরা কাদার নিচে প্রায় দুই থেকে চার ফুট গভীর গর্ত করে ভেতরে ঢুকে পড়ে।
সেখানে তারা নিজের শরীর থেকে এক ধরনের আঠালো রস নিঃসরণ করে একটি শক্ত আবরণ বা ‘কোকুন’ তৈরি করে। এই অবস্থায় এদের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম অত্যন্ত ধীর হয়ে যায়, যাকে বলা হয় ‘এস্টিভেশন’। এভাবে পানি বা খাবার ছাড়াই তারা একটানা চার বছর পর্যন্ত মাটির নিচে ঘুমন্ত অবস্থায় বেঁচে থাকতে পারে।