হজ গাইডলাইন কর্মশালা

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে হবে : এ টি এম আজহার

Printed Edition
3rd-5
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের হজ গাইডলাইন কর্মশালায় বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম এমপি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং কাউকে সেই সুযোগ দেয়াও হবে না।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল হলে হজযাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল স্বীকার করেনি। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ দলের শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অস্ত্র ও পেশিশক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা যদি সেই রক্তের সাথে বেঈমানি করেন, তবে জাতি তাদের কখনোই ক্ষমা করবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, হজ যেমন ফরজ, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও তেমনি ফরজ। মুমিন ব্যক্তি কুরআন-হাদিসের কোনো বিধানকেই উপেক্ষা করতে পারে না। তিনি হজযাত্রীদের আধ্যাত্মিক প্রস্তুতির পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো পালনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গণভোটের ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে যারা নতুন করে ফ্যাসিবাদের রূপ নিতে চায়, তারা দেশ ও জাতির দুশমন। তিনি অভিযোগ করেন, সরকারি দলের ওপর স্বৈরাচারের প্রেতাত্মা ভর করেছে বলেই তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। একই সাথে বিএনপি গণরায় পদদলিত করে জাতির সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে তিনি দাবি করেন। তিনি হজযাত্রীদের কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে কবুল করেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন- ড. মাওলানা খলিলুর রহমান মাদানী (ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা), বিশিষ্ট আলেম মুফতি আলী হাসান ওসামা, মাওলানা জাকারিয়া নুর (খতিব, পল্টন বটতলা মসজিদ)।

কর্মশালায় হজসংক্রান্ত কারিগরি গাইডলাইন উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মঈনুল হক তানভীর। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হজযাত্রীদের আল্লাহর ঘরের মেহমান হিসেবে যথাযথ মর্যাদায় হজ পালনের নিয়মাবলি ও দিকনির্দেশনা তুলে ধরেন।