রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Printed Edition
bangla-2
রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর পবায় বিএসটিআইয়ের মানসনদ (লাইসেন্স) ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রির অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ। মেসার্স আলিফ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন (লোগো) ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স সুমি ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, জনস্বার্থে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।