নলডাঙ্গায় সোলার পাম্পে ইরি চাষের উদ্যোগ
Printed Edition
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রথমবারের মতো সোলার পাম্পের মাধ্যমে ইরি ধান চাষ শুরু হয়েছে। উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের হালতির বিলে নিজ উদ্যোগে এই পরিবেশবান্ধব সেচব্যবস্থা চালু করেছেন কৃষক রমজান আলী। তার এই উদ্যোগকে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী মীরের ছেলে রমজান আলী নিজ খরচে দুই হাজার ৬০০ ওয়াট ক্ষমতার একটি সোলার পাম্প স্থাপন করেছেন। এতে তিন হর্সপাওয়ারের মোটর সংযুক্ত রয়েছে। সোলার প্যানেলটি চারদিকে ঘোরানো যায়, ফলে সূর্যের আলো যে দিক থেকে আসে, সে দিকেই সেট করা সম্ভব। এই পাম্পের মাধ্যমে তিনি প্রায় ১৫ বিঘা জমিতে ইরি ধানে সেচ দেয়ার পরিকল্পনা করেছেন।
রমজান আলী বলেন, সোলার পাম্পটি তৈরিতে তার প্রায় দুই লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। একবার স্থাপন করার পর সেচ দিতে কোনো ঝামেলা নেই। শুধু সুইচ চালু করলেই পানি উঠে আসে। এতে জ্বালানি খরচ নেই এবং পাম্পটির প্রায় ২০ বছরের কার্যক্ষমতার নিশ্চয়তা রয়েছে। ডিজেল চালিত মেশিনে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় এক হাজার লিটার ডিজেল লাগে, যা অত্যন্ত ব্যয়বহুল। শীতকালে মেশিন চালু করাও কষ্টসাধ্য। আবার চৈত্র মাসে পানির স্তর নিচে নেমে গেলে অনেক সময় মেশিনে পানি ওঠে না। সোলার পাম্পে মোটর থাকায় সে সমস্যা নেই।
নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, হালতির বিলে সোলার পাম্পের মাধ্যমে ইরি চাষ একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ। এ ধরনের প্রযুক্তি কৃষিতে ব্যয় কমানোর পাশাপাশি টেকসই উৎপাদনে সহায়ক হবে।