ফ্যাসিবাদের অশুভ তৎপরতা প্রতিহতের ঘোষণা

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সতর্কতামূলক অবস্থান জানান দিতে গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসব সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ আছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে।

গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে না। একটা মুক্তিযুদ্ধে দুই লাখ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির কৃতদাস বানাবেন? এটা হবে না।

রিজভী বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেয়ার চেষ্টা প্রতিহত করা।

তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা যে নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে।

আওয়ামী লীগের উদ্দেশে রিজভী বলেন, আমাদের যখন ১৭ বছর দমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পাঠিয়েছে, অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতাকে গুম করেছে। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে না। আবার ক্রসফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে না।

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলা হয়নি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সতর্কতামূলক অবস্থান জানান দিতে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। গতকাল শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে। সেই অর্থ ব্যবহার করে তারা এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করুন।

মিছিলে অন্যদের মধ্যে সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, জয়দেব জয়, আরিফ হোসেন, ওমর ফারুক, কাজী মহিউদ্দিন মহি, ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জবি ছাত্রদলের বিক্ষোভ : দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, মিছিলে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, সুমন সর্দার, মো: শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আকাশ ও ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ : আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী উসকানিমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রাজধানীর বনানীস্থ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-২ সার্কেলে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকায় অবস্থিত প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো: আবু হোরায়রা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), সিনিয়র সহসভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতারা।