নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১২ নারীকে সেলাই মেশিন দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ১১৮ জন শিক্ষার্থীকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ৫৯ জন, মাধ্যমিক স্তরের ৩৫ জন ও একাদশ-দ্বাদশ শ্রেণির ২৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ১৮ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১২ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন দেয়া হয়।