রমজানে ৬৫০ টাকায় গরুর গোশত ডিমের হালি ৩২ টাকায় বিক্রি করবে সরকার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রোজায় প্রতি বছরের মতো এবারও সুলভমূল্যে গোশত, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা ও প্রক্রিয়াজাত মুরগির গোশত ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম ৮ টাকা (এক হালি ৩২ টাকা) করে বিক্রি হবে।
রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রিসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সভায় গত বছরের চেয়ে এ বছর পণ্য বিক্রির স্থান বৃদ্ধির নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদফতরে মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান বলেন, প্রতিবারের মতো এ বছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। আমরা চাই রমজান মাসে রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এজন্য আমরা কাজ করছি। তিনি জানান, এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারী অংশীজনদের সাথে কথা হয়েছে। তারা গত বছরের চেয়ে এ বছর বেশি জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।