হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ-ভাঙচুর

Printed Edition

রাজশাহী ব্যুরো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও আওয়ামী লীগের অফিসের অবশিষ্টাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

অপর দিকে, একই দিন জুমার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকসু প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রাবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের মাধ্যমে এ হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়েছে। বক্তারা দাবি করেন, হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তব্যে আরো বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই জুলাই আন্দোলনের যোদ্ধারা একের পর এক হত্যার শিকার হচ্ছেন। এ সময় তারা ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আর কোনো বিদেশী আধিপত্যবাদ বা দালালদের স্থান দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ চলাকালে বিভিন্ন স্লেøাগান দেয়া হয়। পরে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জুলাই মঞ্চ ও এনএসিপি নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।

এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ প্রভৃতি স্লোগান দেন।

পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন।

পরে বুলডোজার দিয়ে আগে থেকেই অনেকটা ভেঙে ফেলা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের অবশিষ্টাংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।