মাদারগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ করায় আলমগীর হোসাইন নামে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এটি একটি পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামের ঝারকাটা নদীর খাস জমি থেকে নুর নবী নামে এক ব্যক্তি নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।

এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা প্রেসের জামালপুর প্রতিনিধি, জে এ টিভির মাদারগঞ্জ প্রতিনিধি এবং মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো: আলমগীর হোসাইন হৃদয়কে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় সাদা মিয়া নামে এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে নুর নবী ও তার সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। তবে এসব উপেক্ষা করে তিনি অবৈধ মাটি উত্তোলনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে তার ব্যাটারি জব্দ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুর নবী ওই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জামালপুর আদালতে দু’টি মামলা দায়ের করেন।