আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির দাবি

Printed Edition

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কারণে করদাতাদের কার্যক্রম ব্যাহত হওয়ায় আয়কর রিটার্ন দাখিলের সময় কমপক্ষে দুই মাস বৃদ্ধির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ)।

সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান স্বাক্ষরিত পত্রে এ দাবি জানানো হয়। (২০২৫-২০২৬) কর বর্ষের কোম্পানি/অংশীদারি ফার্ম, অঙচ, ট্রাস্ট এবং ফাউন্ডেশনের আয়কর রিটার্ন জমাদানের সময় দুই মাস বৃদ্ধির অনুরোধ জানিয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যান বরাবরে অনুরোধপত্র পাঠান হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, (২০২৫-২০২৬) কর বর্ষে আয়কর রিটার্ন জমাদানের জন্য সময়সীমা বৃদ্ধি করে, কোম্পানি/ অংশীদারি ফার্ম, অঙচ, ট্রাস্ট এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫/০৩/২০২৬ইং নির্ধারণ করা হয়েছে। দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন অঞ্চলের আয়করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন প্রস্তুত করত : দাখিল করতে পারেন নাই। তা ছাড়াও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময় অফিস ছুটিতে থাকবে।

আয়কর আইন-২০২৩ এর ধারা ২/৮০(ক)(ঙ) মতে ব্যক্তি শ্রেণীর করদাতা ব্যতিত, কোম্পানি/অংশীদারি ফার্ম, অঙচ, ট্রাস্ট এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে দরখাস্ত দিয়ে সময় বৃদ্ধির কোনো বিধান রাখা হয় নাই। যাহা একধরনের শ্রেণী বৈষম্য এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে প্রতীয়মা হয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কমপক্ষে দুই মাস সময় বর্ধিত করে আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ মে ২০২৬ নির্ধারণ করার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি।