লিগ্যাল এইডে ১৬ মাসে ৪৮৪টি বিরোধ নিষ্পত্তি

Printed Edition

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত ১৬ মাসে জেলা লিগ্যাল এইড অফিসে আপস মীমাংসার জন্য ৬১৭টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) গ্রহণ করা হয়। এর মধ্যে ৪৮৪টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। আর নিষ্পত্তিকৃত এডিআর এর মাধ্যমে এক কোটি ২৬ লাখ এক হাজার ৪২৫ টাকা অসহায় ও প্রান্তিক বিচারপ্রার্থীদের অনুকূলে প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব মিনহাজ উদ্দিন ফরাজি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত মোট এক হাজার ২৭৭ জন অপেক্ষাকৃত সুবিধা-বঞ্চিত বিচার প্রার্থীদের আইনগত পরামর্শ দেয়া হয়েছে। একই সময়ে প্রাপ্ত ৫৮৯টি মামলার মধ্যে ১৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। যার ফলে মামলা সংশ্লিষ্ট শত শত অসহায় পরিবার সরকারি খরচে আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আবদুল মজিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন প্রমুখ।