ফটিকছড়িতে মাটি কাটা নিয়ে বিএনপি ছাত্রদল সংঘর্ষ, আহত ৮
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার বিরোধ মেটাতে গিয়ে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। গত শনিবার রাতে পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে সমঝোতা বৈঠক চলাকালে এ সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন- পাইন্দং ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯) ও নাহিন (২০)। এ ছাড়া ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০) নামে আরো দু’জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ মাটি কাটা নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঘটনার দিন রাতে দলীয় কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। বৈঠক চলাকালে সমঝোতা না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী এলাকায় অবৈধ মাটি কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষই এই মাটি কাটার সাথে কমবেশি জড়িত। তবে আজকের বৈঠকের ঠিক কোন পর্যায়ে হামলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, দলীয় কার্যালয়ে কোনো অবৈধ বিষয় নিয়ে বৈঠকের সুযোগ নেই। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি এবং দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম জানান, সংঘর্ষের বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়া হয়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।