মোহাম্মদপুরে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক মামুনুল হকের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, এসব এলাকায় আইনশৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের জীবনে চরম অনিরাপত্তা সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৫ মে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এক বৃহৎ ‘নাগরিক সমাবেশ’ আয়োজন করবে তার দল।

গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ওই তিন এলাকার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। এই সঙ্কট উত্তরণে দলীয় নেতাকর্মীদের সাধারণ নাগরিকদের স¤কৃক্ত করে একটি শান্তিপূর্ণ ও গণমুখী আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাস, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এক হতে হবে।