যৌথ অভিযানে গ্রেফতার ২৭৮ অস্ত্র গোলাবারুদ উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করে গত সাত দিনে বিভিন্ন অপরাধে জড়িত সন্ত্রাসী, মাদককারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ২৭৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে ২৭৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশী-বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪৭ : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলানগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা আটজন, বংশাল থানা দুইজন, শেরেবাংলানগর থানা চারজন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয়জন ও পল্টন মডেল থানা ১২ জনকে গ্রেফতার করেছে। এ সময় যাত্রাবাড়ী থানা পুলিশ পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।