সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বিক্রি শুরু বিএনপির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। প্রার্থীদের তিনি বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে যারা এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন।
রিজভী বলেন, আন্দোলনের ভূমিকা, বিগত ১৬-১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা- যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবেন।
পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেবেন তা সবাইকে মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং ও পেল বলে এক ধরনের বিশ্রি পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না।
ফরম বিক্রি হবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এই সময়ের মধ্যে সংগ্রহও জমা দিতে হবে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি তুলে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিনী ফাতেমা আসাদের হাতে।
এরপর বিএনপির নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক, পেয়ারা মোস্তফা প্রমুখের হাতে ফরম তুলে দেন রিজভী আহমেদ। এই সময়ে সহদফতর সম্পাদক মুনির হোসেন ও তারিকুল ইসলাম তেনজিং উপস্থিত ছিলেন।
সংরক্ষিত আসনে ফরম কেনার জন্য কয়েক শ’ মহিলা নেত্রী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারা লাইনে দাঁড়িয়ে ফরমের জন্য দুই হাজার টাকা দিয়ে রসিদ কাটেন। ফরম তোলা নিয়ে নারী নেত্রীদের মধ্যে আবেগ উচ্ছ্বাসও প্রকাশ পেতে দেখা গেছে।