বাড্ডায় শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা, আটক মাদকাসক্ত বাবা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকার তিন বছরের শিশু মো: হাবিবকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো: শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভবন মালিক জুলহাস জানান, শিশুটির বাবা শাহীন পেশায় রিকশাচালক। তিনি স্ত্রী শিল্পী খাতুন ও দুই ছেলে নিয়ে বাসাটিতে ভাড়া থাকতেন। ঘটনার সময় বড় ছেলে বাসায় ছিল না আর শিশুটির মা ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে শিল্পী খাতুন রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের ডেকে চাপ প্রয়োগ করলে শাহীন দরজা খুলে দেন। পরে সবাই ঘরে ঢুকে বিছানার ওপর শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানায়, পারিবারিক কলহ ও অভাব-অনটনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির মা শিল্পী খাতুন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। মাদকের টাকার জন্য স্বামী তাকে চাপ দিতেন এবং না পেলে ঝগড়া করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে।