১৪ বছরের ফুটবলারকে পিটিয়ে হত্যা

Printed Edition

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলা চলাকালে বল গরুর সামনে পড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় হযরত আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর হযরত আলী উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে।

দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হরিণখোলা দাখিল মাদরাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় একটি বল গরুর সামনে পড়ে গেলে সেটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত মুছা ঘরামী ও তার সহযোগীরা হযরত আলীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, মারধরের পর থেকেই কিশোরটি অসুস্থ হয়ে পড়ে। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পরে রোববার দুপুরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মা আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামী অনেক আগেই মারা গেছেন। আমার ছেলেকে মারধরের পর থেকেই কষ্ট পাচ্ছিল। টাকার অভাবে দ্রুত হাসপাতালে নিতে পারিনি। যারা আমার ছেলেকে মেরেছে, আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে তালতলী থানার ওসি তদন্ত বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।