আলমডাঙ্গা পৌরসভা

বাজেটের তথ্য প্রকাশ না করায় অসন্তোষ

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন ও অনুমোদন নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। উন্মুক্ত বাজেট সভা না করে জনগণের অগোচরে বাজেট চূড়ান্ত করার অভিযোগ উঠেছে। অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও বাজেটের তথ্য পৌরসভার ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় প্রশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাগরিকরা।

পৌরসভার একটি সূত্র জানায়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নথিভুক্ত করা হয়। তবে বাজেট প্রণয়ন বা অনুমোদনের সময় নাগরিক, সাংবাদিক কিংবা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশকে অবহিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহবুব খান বলেন, ‘বাজেট হয়েছে কি না- সেটিই আমরা জানি না। জনগণের টাকায় পৌরসভা পরিচালিত হয়। তাই আয়-ব্যয়ের হিসাব জানার অধিকার জনগণের রয়েছে।’

নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বাজেট প্রকাশ না করায় পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম বলেন, বাজেট গোপন রাখার বিষয়টি স্বচ্ছতার ঘাটতির ইঙ্গিত দেয়। আরেক মেয়র প্রার্থী শহিদুল কাউনাইন টিলু বলেন, জনগণের অর্থ কোন খাতে ব্যয় হবে, তা প্রকাশ্যে জানানো উচিত।

পৌরসভার ওয়েবসাইটে বিভিন্ন নোটিশ থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে পৌর প্রশাসক শাহীনুর আক্তারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।